জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের অধীনে ইংরেজি এবং আইন ও বিচার বিভাগে কোনো নারী শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি। ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইংরেজিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অর্জন করতে ব্যর্থ হওয়ায় এই দুই বিভাগে নারী শিক্ষার্থীদের কোনো কোটার ভর্তি নিশ্চিত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র।
জানা গেছে, ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হলেও নির্ধারিত শর্তের কারণে তা প্রকাশে বিলম্ব হচ্ছে। ফলে নারী শিক্ষার্থীদের কোটা পূরণের জন্য ভর্তি কমিটি শর্ত পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান জানান, “ইংরেজি ও আইন বিভাগের জন্য নির্ধারিত ৬০ শতাংশ নম্বরের শর্তটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলাফল বিশ্লেষণের পর আমরা ৫৫ শতাংশ নম্বর থেকে শর্ত পুনঃপর্যালোচনার বিষয়টি ভাবছি।”
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগের ভর্তিতে ৫০ শতাংশ নারী এবং ৫০ শতাংশ পুরুষ শিক্ষার্থী নেওয়ার নিয়ম আছে।





