আশিকুর রহমান, জবি প্রতিনিধি :
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করে দেশজুড়ে আলোচনায় আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মোঃ হোসাইন এবার বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে লড়ছেন।
আসন্ন নির্বাচনে তিনি ‘কার্যনির্বাহী সদস্য’ (সতন্ত্র্য) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ব্যালট নাম্বার ৫১। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যমুনার সামনে এক আন্দোলনে সাবেক তথ্য উপদেষ্টার উদ্দেশ্যে বোতল ছুড়ে মেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন এই শিক্ষার্থী। সেই ঘটনার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশের মাঝে তিনি পরিচিতি লাভ করেন। কেউ কেউ এই ঘটনাকে সাহসিকতা হিসেবে দেখলেও অনেকে এর সমালোচনাও করেছিলেন। তবে সব বিতর্ক ছাপিয়ে এবার তিনি সরাসরি জকসু প্রতিনিধি হওয়ার লড়াইয়ে নেমেছেন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মোঃ হোসাইন জানান, তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই নির্বাচনে অংশ নিয়েছেন।
তিনি আরো বলেন, “আমি কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং শিক্ষার্থীদের দাবি আদায়ে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। জকসু নির্বাচনে জয়ী হয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চাই।”
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদল শিক্ষার্থী তাকে ‘সাহসী’ হিসেবে সমর্থন দিলেও, অন্য একটি পক্ষ মনে করছেন ছাত্র সংসদের প্রতিনিধি হওয়ার জন্য কেবল একটি ঘটনাই যথেষ্ট নয়, বরং নেতৃত্বের গুণাবলি ও মেধা বেশি জরুরি।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর।





