ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ শরিফ ওসমান হাদি হল করার দাবিতে হল সংসদের নেতারা শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে হল গেটে ব্যানার টাঙিয়েছেন।
হল সংসদের সহ সভাপতি মো. মুসলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমাদের শরিফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।”
তিনি আরও বলেন, “যেসব কালচারাল ফ্যাসিস্টদের হাতে হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, তারা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন।”
হল সংসদের ভিপি বলেন, “এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তাদের নাম বাদ দিয়ে শহীদ শরিফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।”
সাধারণ সম্পাদক আল সাবাহ জানান, “আমরা হলের শিক্ষার্থীদের নিয়ে গণস্বাক্ষর গ্রহণ করেছি। সেখানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী এই দাবির পক্ষে ভোট দিয়েছেন।”
তিনি আরও বলেন, “এর আগেও আমরা দুবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। তবে অপশক্তির ইশারায় তখন বিষয়টি বাস্তবায়ন হয়নি।”
আল সাবাহ জানান, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যেন আগামী সিন্ডিকেট সভায় এটিকে এজেন্ডাভুক্ত করা হয় এবং শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে শহীদ হাদি ভাইয়ের নামে করা হয়।”





