অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বহরমপুর ডিবি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৭ ডিসেম্বর) সকালে এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। কর্মবিরতি শেষে দায়িত্বে ফিরতে আসা সহকারী শিক্ষকরা বিদ্যালয়ের ফটকে পৌঁছেই দেখেন পরীক্ষাকেন্দ্র তালাবদ্ধ, আর ভেতরে নিজেদের উদ্যোগে পরীক্ষার আয়োজন করছেন অভিভাবকেরা।
টানা এক সপ্তাহ ধরে বার্ষিক পরীক্ষা চললেও কর্মবিরতির কারণে সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ফলে বিকল্প ব্যবস্থায় তিনটি বিষয়ের পরীক্ষা নিতে হয়েছে অভিভাবকদেরই। এতে শিক্ষার্থীদের পরীক্ষা-সংক্রান্ত প্রস্তুতি, নিয়মশৃঙ্খলা ও অধ্যয়ন ধারায় অস্থিরতা তৈরি হয়।
অভিভাবকেরা জানান, সারা বছর ঠিকমতো পাঠদান হয়নি; তার ওপর বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বার্ষিক পরীক্ষা শুরু হতেই শিক্ষকরা কর্মবিরতিতে যান। সন্তানদের শিক্ষাজীবনে অনিশ্চয়তার আবহ তৈরি হওয়ায় তারা বাধ্য হয়েই নিজ উদ্যোগে পরীক্ষার আয়োজন করেন।
সকালে শিক্ষকরা পরীক্ষা নিতে এলে ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয়ের দুটি ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় সহকারী শিক্ষকদের। এ সময় দ্বিতীয় শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক তত্ত্বাবধানে ক্লাসরুমের ভেতর পরীক্ষা দিতে দেখা যায়।
সহকারী শিক্ষকরা দাবি করেন, কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন তারা। কর্মসূচি উঠে যাওয়ার পর দায়িত্ব পালনে এলে অভিভাবকেরা বাধা দেন। তাদের অভিযোগ, অভিভাবকেরা পরিস্থিতি না বুঝেই উত্তেজিত হয়ে পড়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম জানান, ভুল বোঝাবুঝির কারণেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে এক শিক্ষা কর্মকর্তা এসে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। এর পর শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করতে সক্ষম হন, যদিও দিনের পরীক্ষাটি অভিভাবকদের তত্ত্বাবধানেই শেষ হয়।
ঘটনাটি শিক্ষা ব্যবস্থার প্রস্তুতি, শিক্ষক–অভিভাবক আস্থা ও সমন্বয়হীনতার একটি স্পষ্ট প্রতিচ্ছবি হিসেবে আলোচনা তৈরি করেছে।





