মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিক শিক্ষায় বড় সুখবর দিলেন উপদেষ্টা

ফাইল ছবি:

প্রাথমিক শিক্ষকদের বহুদিনের দাবি—সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড—অবশেষে বাস্তবায়নের পথে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, বিষয়টি এখনও নন-অফিশিয়াল হলেও এর বাস্তবায়ন নিয়ে কাজ এগোচ্ছে।

রোববার ভোলার মনপুরা উপজেলায় শিক্ষক সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষকদের এই দাবি বাস্তবায়িত হবে।’ একই সঙ্গে আন্দোলন থেকে সরে এসে বার্ষিক পরীক্ষা নেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডের দাবিতে আন্দোলন করছেন। ‘তাদের দাবি ১১তম গ্রেড, সেটির সঙ্গে আমরা সহমত পোষণ করি। নন-অফিশিয়াল কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছি, শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে।’

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের গঠিত বেতন কমিশনেও এই দাবি সুপারিশ আকারে তুলে ধরা হয়েছে। ‘আমরা ধারাবাহিকভাবে যোগাযোগ রাখছি। শিক্ষকদের দাবিকে আমরা নিজেদের দাবি হিসেবে গ্রহণ করেছি। এই দাবি অবশ্যই বাস্তবায়িত হবে।’

উপদেষ্টা আশা প্রকাশ করেন, শিক্ষকরা আন্দোলন সাময়িক স্থগিত করবেন। তিনি বলেন, ১১টি শিক্ষক সংগঠন পরীক্ষা সামনে রেখে কর্মসূচি স্থগিত করেছে। দু’-একটি সংগঠন এখনো সিদ্ধান্ত জানায়নি। ‘আমি আশা করব, তারাও অন্যদের দৃষ্টান্ত অনুসরণ করবে।’

এদিকে রোববার রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানায়। মন্ত্রণালয় জানায়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি ‘যৌক্তিক’ হিসেবে বিবেচিত হয়েছে এবং এ নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পে-কমিশনে সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন, এবং কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন