শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ নভেম্বর থেকে সহকারী শিক্ষকরা আন্দোলন শুরু করবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবির বিষয়ে অগ্রগতি না হওয়ায় তারা আবারও আন্দোলন কর্মসূচিতে নামছেন।

শিক্ষকদের একটি অংশ মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

পূর্বঘোষিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচি শুরু হবে ৩০ নভেম্বর থেকে। এই ব্যানারে ১১টি সংগঠন রয়েছে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলবে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে একসঙ্গে সব বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতিতে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল। আন্দোলন চলাকালে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল।

আন্দোলনের তৃতীয় দিন, ১০ নভেম্বর রাতে দশম গ্রেড বাস্তবায়নের সরকারি নিশ্চয়তা এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছিল। নভেম্বরের মধ্যেই যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে পূর্ণদিবস কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

তিন দফা দাবি:

  • সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রধান দাবি ১০ম গ্রেড প্রদান

  • ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান

  • শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

শেয়ার করুন