অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস এলাকা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে রাবির কাজলা গেট সংলগ্ন কাজলা ক্যান্টিন হোটেলে রাতের খাবার খাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক তিন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তারা আহত হন।
হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন রাকসুর ভিপি ও অন্যান্য প্রতিনিধি সদস্যরাও। শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিক্ষোভস্থলে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা জোরদার না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে। তাই দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান করছেন।





