সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০,২১৯টি সহকারী শিক্ষক (১৩তম গ্রেড) পদের জন্য আবেদন প্রক্রিয়া আজ, শনিবার ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২১ নভেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত।
আবেদন যোগ্য জেলা ও ফি
রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ধরা হয়েছে ১০০ টাকা, যা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরিশোধ করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীকে নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫, ৫ স্কেলে ২.৮) স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: চলতি বছরের ৩০ নভেম্বর তারিখে ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১,০০০–২৬,৫৯০ টাকা।
আবেদন প্রক্রিয়া
১. আগ্রহী প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন।
২. ফর্ম পূরণের পর ড্রাফটস অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদন তথ্য যাচাই করতে হবে।
৩. আবেদন ফি জমা দেওয়ার আগে ড্রাফটস কপি একাধিকবার যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে নতুন ফর্ম পূরণ করে নতুন ইউজার আইডি ও আনপেইড স্ট্যাটাস সম্পন্ন কপি তৈরি করতে হবে।
৪. সঠিকভাবে পূরণকৃত ফর্মের ভিত্তিতে, প্রার্থী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে মোট ১১২ টাকা (১০০ টাকা ফি + ১২ টাকা চার্জ ও ভ্যাট) পরিশোধ করবেন।
৫. ফি পরিশোধের পর মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। এগুলো ব্যবহার করে ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করা যাবে।
৬. ফাইনাল কপি সংরক্ষণ আবশ্যক। শুধুমাত্র ফি পরিশোধের পরই আবেদন চূড়ান্তভাবে গ্রহণযোগ্য হবে।
অন্যান্য শর্ত
বিবাহিত নারী প্রার্থীরা স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন।অসত্য/ভুয়া তথ্য যুক্ত আবেদন বাতিল হবে। প্রয়োজনে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রার্থীকে নিজ উপজেলা/শিক্ষা থানার শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ভুল জেলা/থানা উল্লেখ করলে আবেদন বাতিল হবে।নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নিজ উপজেলা/শিক্ষা থানায় চাকরি করতে হবে।ধূমপান বা মাদকাসক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।
নিয়োগ পরীক্ষার পদ্ধতি
নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা (মোট ৯০ নম্বর):
বাংলা ও ইংরেজি: ২৫ নম্বর × ২ = ৫০ নম্বর
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান: ২০ নম্বর × ২ = ৪০ নম্বর
পাস মার্ক:
লিখিত: ৪৫/৯০
মৌখিক: ৫/১০
মৌখিক পরীক্ষা:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ১০ নম্বরের মৌখিক পরীক্ষা।
সময়সীমা: লিখিত ৯০ মিনিট, মৌখিকের জন্য সময় নির্ধারিত নয়।





