দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। পটপরিবর্তনের পর থেকে টানা রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি ডিসেম্বর মাসে প্রবাসীরা প্রথম ২৭ দিনে ২৭৫ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যে ধারায় রেমিট্যান্স প্রবাহিত হচ্ছে, তা অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে শক্তিশালী ভিত্তি তৈরি হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। ফলে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।
এর আগে, নভেম্বর মাসে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৫৭৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছে ১ হাজার ৩৫৪ কোটি ডলার। ফলে প্রবাসী আয় প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি প্রবাসী আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি বিদ্যমান রয়েছে।





