ফাইল ছবি
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে। আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা এবং স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৫) থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।
বাজুস জানিয়েছে, এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দরে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, স্বর্ণ বিক্রয়ের সময় সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিবর্তন হতে পারে।
এর আগে ১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়, যা ২ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।





