সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নভেম্বরে রেমিট্যান্স ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, চলতি অর্থবছরের সর্বোচ্চ

ফাইল ছবি

নভেম্বরে দেশে প্রবাসী পাঠানো রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার।

বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের বিভিন্ন সময়ে দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল—

  • ২৩ থেকে ৩০ নভেম্বর: ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার

  • ১৬ থেকে ২২ নভেম্বর: ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার

  • ৯ থেকে ১৫ নভেম্বর: ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার

  • ২ থেকে ৮ নভেম্বর: ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার

  • নভেম্বরের প্রথম দিন: ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার

এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

শেয়ার করুন