রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ডিসেম্বর মাসের নতুন মূল্য আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশ করা হবে। একই দিন অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত ২০২৫ সালের ডিসেম্বর মাসের সৌদি সিপি মূল্য অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করার সিদ্ধান্ত মঙ্গলবার বিকেল ৩টায় জানানো হবে।

এর আগে, গত ২ নভেম্বর এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে, ডিসেম্বর মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রবিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন দরের ভিত্তিতে ডিজেলের দাম লিটারপ্রতি দাঁড়িয়েছে ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা।

শেয়ার করুন