রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী সিরামিক এক্সপো। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (আইসিসিবি) প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজন করেছে এই প্রদর্শনী। মেলা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এতে বাংলাদেশসহ ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। পাশাপাশি সিরামিক খাতের ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা অংশগ্রহণ করেছেন। মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা গেছে, টাইলস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বৈচিত্র্যময়, উদ্ভাবনী ও টেকসই সিরামিক টেবিলওয়্যার পণ্য নিয়ে হাজির হয়েছেন।
আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক বলেন, “আমরা মেলায় প্যানোরা প্ল্যাংক টাইলস, ডিডিজি সিরিজ, সিয়েরা এবং ডায়মন্ড গ্লেজ টাইলস প্রদর্শন করছি। প্রতিটি টাইলসের ক্ষেত্রে রয়েছে আন্তর্জাতিক মানের কারুশিল্প এবং সম্পূর্ণতার নিশ্চয়তা। নতুন পণ্যের পাশাপাশি আমাদের জনপ্রিয় ও সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী তৈরি পণ্যও এখানে প্রদর্শিত হচ্ছে।”
মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজের প্রিমিয়াম ব্র্যান্ড ফ্রেশ সিরামিকসও এই এক্সপোয় অংশ নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এ কে এম জিয়াউল ইসলাম বলেন, “আমরা যে টাইলসগুলো এনেছি তা তুলনামূলকভাবে হালকা ওজনের। এর ফলে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষতি কমানো সম্ভব এবং দামও সাশ্রয়ী হয়েছে। এছাড়া হিট-প্রুফ টাইলসও আমরা এনেছি, যা ঘরের ভেতরে এবং বাইরে উভয় স্থানে ব্যবহারযোগ্য। আমাদের লক্ষ্য ভবিষ্যত প্রযুক্তি ও মানসম্মত পণ্য প্রদর্শন করা।”





