মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তঃলেনদেনের আওতায় আসছে সব প্রতিষ্ঠান, নগদ অর্থের প্রয়োজন শীঘ্রই শেষ

দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে আন্তঃলেনদেনের আওতায় আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এর ফলে ক্যাশ-আউট বা নগদ অর্থের প্রয়োজন আর থাকবে না বলে তিনি জানান।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনলাইন লেনদেন সংক্রান্ত একটি চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে সব ব্যাংক, এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস), আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও অন্যান্য সংস্থার মধ্যে আন্তঃলেনদেন (ইন্টার-অপারেবিলিটি) ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, অনলাইনে লেনদেন সম্পন্ন হওয়ার নতুন এই ব্যবস্থার ফলে আর ক্যাশ-আউট বা নগদ অর্থ ব্যবহার প্রয়োজন হবে না।

গভর্নর জানান, এজন্য ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘মোজোলুপ’। নিরাপত্তাজনিত কারণে চুক্তি ‘ভার্চুয়ালি’ সই করা হয়েছে।

আহসান এইচ মনসুর বলেন, লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাইজেশন অপরিহার্য। আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলে আর্থিক লেনদেন আরও সহজ হবে, দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, আগামী দিনে এই ব্যবস্থায় যাওয়া সময়ের দাবি।

শেয়ার করুন