মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৫০ হাজার টন চাল সিঙ্গাপুর থেকে আমদানি করবে বাংলাদেশ

সরকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০,০০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এই ক্রয়ের জন্য সরকারি ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠকের তথ্য অনুযায়ী, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্যাকেজ-৬ এর আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০,০০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহের প্রস্তাব কমিটি অনুমোদন করেছে।

চাল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক এস্‌ অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। মোট ক্রয়মূল্য ধরা হয়েছে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।

এর আগে, ১৮ নভেম্বর অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা পরিষদ কমিটি একই পরিমাণ চাল কেনার অনুমোদন দিয়ে সরবরাহকারী হিসাবে মেসার্স আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডকে চিহ্নিত করেছিল। তখন ক্রয়ের জন্য ব্যয় ধরা হয়েছিল ২১৬ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৫৬০ টাকা এবং প্রতি টনের দাম নির্ধারিত হয়েছিল ৩৫৪.১৯ মার্কিন ডলার।

উল্লেখ্য, ২২ অক্টোবর অনুষ্ঠিত আরেকটি বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র ও জি টু জি (G2G) প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ছিল ৫০,০০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ৫০,০০০ টন আতপ চাল, যার মোট ব্যয় ধরা হয়েছিল ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।

সরকারের লক্ষ্য এই ক্রয় কর্মসূচির মাধ্যমে দেশের খাদ্য সরবরাহ চেইনকে মজবুত করা, চাহিদা পূরণ করা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখা। সংশ্লিষ্ট সংস্থা ও কমিশন ইউনিটগুলো ইতিমধ্যেই চাল আমদানি প্রস্তুতি শুরু করেছে এবং সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন