সরকার আন্তর্জাতিক দর প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে একটি কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে। সিঙ্গাপুর থেকে এই এলএনজি আমদানি করতে খরচ পড়বে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ এলএনজি আমদানির অনুমোদন মঞ্জুর করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পার্সেস এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরিত ২৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করেছিল। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠানই দরপত্র জমা দিয়েছে।
সবচেয়ে কম দর প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রতি এমএমবিটিইউ ১১.৬৪ মার্কিন ডলারে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে। এ হিসেবে একটি কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে মোট ব্যয় দাঁড়াবে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।





