মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ হাজার শটগান কেনার অনুমোদন আনসার বাহিনীর জন্য

নির্বাচনকে সামনে রেখে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির ধারাবাহিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আনসার বাহিনীর বর্তমান অস্ত্রভাণ্ডারের বেশিরভাগই দীর্ঘদিনের পুরোনো, যার কারণে আধুনিকায়নের প্রয়োজনে নতুন অস্ত্র সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তায় ব্যবহারের জন্য আগে পরিকল্পনা করা ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হবে না। বরং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যায়নের ভিত্তিতে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সীমিত সংখ্যক ক্যামেরা সরবরাহ করা হবে। তার ভাষায়, “পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে পরিচালিত হবে।”

কমিটির এই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে— চাহিদা বৃদ্ধির কারণে এক কোটি ই-পাসপোর্ট বই কেনার অনুমোদন। একই সঙ্গে টিকার ঘাটতির বিষয়কে মাথায় রেখে ইপিআই-এর আওতায় প্রয়োজনীয় টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. সালেহউদ্দিন জানান, রোজার আগে বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে চাল ও গম আমদানির উদ্যোগ নেওয়া হবে, যাতে দাম নিয়ন্ত্রণে থাকে এবং ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়।

শেয়ার করুন