চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেলো ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস। এটি এপি মোলার মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় টার্মিনাল নির্মাণে কোম্পানিটি ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এপিএম টার্মিনালস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে সই করেন এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) সিইও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান অতিথি ছিলেন শিপিং উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি লিনা গ্যান্ডলোসে হ্যানসেন, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং মার্স্ক বোর্ড চেয়ারম্যান রবার্ট মার্স্ক উগলা।
এপিএম টার্মিনালস টার্মিনালের নকশা, অর্থায়ন, নির্মাণ ও পরবর্তী ৩০ বছর পরিচালনার দায়িত্ব পালন করবে। লালদিয়া টার্মিনাল ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিপিং উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “এই বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বিশেষ করে যারা ৪ আগস্ট রক্ত দিয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছেন। প্রকল্প শেষ হলে অনেক তরুণের কর্মসংস্থান হবে।”
তিনি আরও জানান, চট্টগ্রাম পোর্ট ছাড়াও মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে এবং সেখানে বিনিয়োগ আসছে। “ইতিহাসে প্রথমবারের মতো আমরা মেরিটাইম পোর্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, যা ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আশা করি এটি অনেক সমস্যার সমাধান করবে।”
পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী বলেন, “আগামী কয়েক বছরে চারটি নতুন সমুদ্রবন্দর তৈরি হবে, যার মধ্যে একটি গভীর সমুদ্রবন্দর, একটি আন্তর্জাতিক টার্মিনাল এবং একটি ডেডিকেটেড ফ্রি ট্রেড জোন অন্তর্ভুক্ত থাকবে।”
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন ভিডিও বার্তায় বলেন, “বাংলাদেশের স্বাধীনতার শুরুর দিকেই ডেনমার্ক সম্পর্ক গড়ে তোলে। গত পাঁচ দশকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা সফলভাবে এগিয়েছে। আজ আমাদের সম্পর্ক সহায়তা থেকে ব্যবসায় রূপ নিয়েছে। মাথাপিছু ভিত্তিতে ডেনমার্ক বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি গন্তব্য।”





