বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

রাশিয়ার ব্ল্যাক সি বন্দরে দুই দিনের বিরতির পর জ্বালানি তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

 

আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৫৩ সেন্ট কমে ৬৩.৮৬ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই প্রতি ব্যারেল ৫৬ সেন্ট কমে ৫৯.৫৩ ডলারে পৌঁছেছে।

 

সোমবার (১৭ নভেম্বর) শাফাক নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দাম কিছুটা বেড়েছিল গত সপ্তাহে নভোরোসিস্ক এবং ক্যাসপিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালে রপ্তানি বন্ধ থাকায়।

 

তবে ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার জ্বালানি তেল অবকাঠামোর ওপর ঝুঁকি এখনও রয়ে গেছে। সম্প্রতি রিয়াজান ও নভোকুইবিসেভস্কের জ্বালানি তেল পরিশোধনাগারে হামলার খবর পাওয়া গেছে।

 

বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধির কারণে দাম প্রতি ব্যারেলের মধ্যে ৬০–৬৫ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

 

বিনিয়োগকারীরা সরবরাহ ঝুঁকি এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবও পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল খননযন্ত্রের সংখ্যা বেড়ে ৪১৭ হয়েছে। বাজারে সরবরাহ যথেষ্ট থাকলেও ইউক্রেন ও ইরানের কর্মকাণ্ড এবং নিষেধাজ্ঞার প্রভাব ভবিষ্যতের দামে প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন