অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতিকে সংকট থেকে উদ্ধার করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। গত ১৫ মাসে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ এবং রিজার্ভসহ সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক ইতিবাচক গতিতে ফিরেছে। এছাড়া, লুট হওয়া ব্যাংকিং খাতও পুনরায় শক্তিশালী হয়েছে এবং জনগণের আস্থা ফিরে এসেছে। এই খাতকে আরও উন্নত ও স্থিতিশীল করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই তথ্য জানান।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বব্যাপী বৈদেশিক বিনিয়োগ কমলেও, গণঅভ্যুত্থানের পর প্রথম বছরে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) ১৯.১৩ শতাংশ বেড়েছে। এটি বৈশ্বিক প্রবণতার সঙ্গে প্রাসঙ্গিক না হলেও বাংলাদেশের জন্য একটি অনন্য অর্থনৈতিক সাফল্য।
তিনি আরও জানান, আগামী সপ্তাহে ডেনমার্কভিত্তিক মায়ার্স্ক গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি’র সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরিত হবে। এই বিনিয়োগের পরিমাণ ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা ইউরোপ থেকে দেশে এককভাবে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে। লালদিয়া কনটেইনার টার্মিনাল দেশের প্রথম বিশ্বমানের ‘গ্রিন পোর্ট’ হিসেবে গড়ে উঠবে।





