বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোক্তাদের স্বার্থেই কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়: শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। ব্যবসা সীমিত করা আমাদের উদ্দেশ্য নয়। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ডিস্ট্রিবিউটর (ডিও) ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও স্বচ্ছ করার কাজ মন্ত্রণালয়ের মূল দায়িত্ব, এবং সেই লক্ষ্যে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ডিও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভোজ্যতেল সরবরাহে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে আপনার পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।

শেখ বশিরউদ্দীন বলেন, “আমি এবং আমার মন্ত্রণালয় সর্বদা ভোক্তাদের স্বার্থে কাজ করব। দেশের মানুষের প্রয়োজন মেটানোই আমাদের প্রধান লক্ষ্য। সেই কাজে আপনাদের সহযোগিতা ও পরামর্শ আশা করি।”

তিনি আরও জানান, বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এটি কোনো ব্যক্তির পক্ষ বা বিপক্ষে প্রযোজ্য হবে না।

উপদেষ্টা বলেন, প্রচলিত পদ্ধতিতে খুচরা বা মাঝারি বিক্রেতাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়, যা সফল হয় না। তাই সরবরাহ চেইনের সকল স্তর—উৎপাদন, আমদানি, ডিও, পাইকারি ও খুচরা—কে কার্যক্রমে অন্তর্ভুক্ত করা জরুরি। তেলের বাজারে অস্থিরতার পিছনে মিল মালিক, ডিও ব্যবসায়ী বা উভয়েরই দায় থাকতে পারে।

তিনি উল্লেখ করেন, “একজন ছোট দোকানদার ৫০০ বোতল তেল লুকিয়ে রাখে বলে বাজার অস্থির হয়ে গেলে তা সঠিক নয়। টেলিভিশনে এই ঘটনাকে নাটকীয়ভাবে দেখানো হয়, যেখানে সারাদেশে প্রশংসা হয় কিন্তু প্রকৃত কার্যকর কিছু হয় না। আমরা প্রকৃত দোষীকে শনাক্ত করতে চাই এবং বাজারে কেউ অরাজকতা সৃষ্টি করতে পারবে না।”

মতবিনিময় সভায় ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের পক্ষ থেকে পণ্য সময়মতো না পাওয়া নিয়ে অভিযোগ করেন এবং সমস্যা সমাধানের আহ্বান জানান। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদসহ ডিও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন