রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত সোমবার (৫ জানুয়ারি) আদালতের বিচারক রবিউল আলম সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষ্য দিয়েছেন। এদিন আদালতে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাক্ষ্য প্রদান করেন। পরে আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিন উর রহমান তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন। জেরার পর আদালত সাক্ষ্যগ্রহণ শেষ ঘোষণা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম এবং উপ-পরিচালক নায়েব আলী শরীফ।

পরবর্তীতে মামলায় যুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এই মামলার শুনানি ও আদালতের কার্যক্রম চলমান থাকায় আদালতের নির্দেশ ও কার্যক্রমের প্রতি জনগণ বিশেষ নজর রাখছেন।

শেয়ার করুন