সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আনিসুল হকের গাড়ি, ১৭ বিঘা জমি জব্দের আদেশ আদালতের

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার কোটি ৬২ লাখ টাকার তিনটি গাড়ি এবং এক কোটি ৬৩ লাখ টাকার ১৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে জানান, আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এই সময়ে তিনি ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন। এভাবে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের বক্তব্যে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন, কারণ যদি জব্দ না করা হয়, তবে সম্পদগুলো বিক্রি বা হস্তান্তর হতে পারে। এতে বিচারকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না, যা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

শেয়ার করুন