সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ সলিম উল্লাহর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

দুদক সূত্রে জানানো হয়, সলিম উল্লাহ যে কোনো সময় দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। এ অবস্থায় অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সলিম উল্লাহর বিদেশ যাত্রা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

শেয়ার করুন