ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার এবং তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুইটি বিও একাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
হিসাবগুলোর মধ্যে বিপ্লব কুমারের নামে ৯টি ব্যাংক একাউন্ট এবং দুইটি বিও একাউন্ট রয়েছে। এছাড়া তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে ১৯টি ব্যাংক একাউন্ট অন্তর্ভুক্ত। তদন্তকারী কর্মকর্তার আবেদন বিবেচনা করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর বৃহস্পতিবার এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে আবেদনের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক রাসেল রনি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পেশকার রিয়াজ চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী এবং অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকুরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং তার উৎস আড়াল করার অভিযোগ অনুসন্ধানাধীন। এতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী সম্পত্তি ক্রয় এবং আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তদন্তকালে বিপ্লব কুমার সরকার এবং হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চালানোর তথ্য পাওয়া গেছে। আদালত উল্লেখ করেছে, হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর বা হস্তান্তর হলে পরবর্তীতে টাকা উদ্ধার করা কঠিন হয়ে যাবে।
এ কারণে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ অনুযায়ী তাদের ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।





