ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আটক তনিমা তন্বীকে প্রধান অভিযুক্ত করে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন। মামলায় আরও সাত থেকে আটজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এর আগে সোমবার রাতে খুলনা সদর থানা এলাকা থেকে তনিমা তন্বীকে আটক করে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি জাতীয় যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৪ অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়, যেখানে আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব ছিলেন ডা. জাহেদুল ইসলাম। ওই কমিটিতে তনিমা তন্বী ১ নম্বর যুগ্ম সদস্য সচিব পদে অন্তর্ভুক্ত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে সোনাডাঙ্গা এলাকায় তনিমা তন্বীর ভাড়া বাসায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, গুলিটি মাথার চামড়া ছুঁয়ে বেরিয়ে গেছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় তনিমা তন্বীকে প্রধান আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার দিন রাতেই তন্বীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এতে ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, তনিমা তন্বী নিজেকে অন্তঃসত্ত্বা দাবি করায় তাকে পুলিশ হেফাজতে রেখে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই অন্য অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।





