খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। ওই ফ্ল্যাটেই তার কানের পাশ দিয়ে গুলি লাগে এবং তিনি আহত হন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাস্থল থেকে ইয়াবা, মদের খালি বোতল ও ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোতালেব শিকদারের সঙ্গে থাকা ব্যক্তিরাই এ ঘটনায় জড়িত থাকতে পারে।
হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদার বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে তিনি এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।





