জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
অন্য অভিযুক্তরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন পরবর্তী শুনানি ও আদেশের দিন ধার্য করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সংক্রান্ত তদন্ত শেষ হওয়ার তথ্য প্রকাশ করে।





