রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

“সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড”

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান, সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির ২ নম্বরের একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এ ঘটনায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অপর আসামিরা হলেন– মারিয়া কিসপট্টা (ফ্যাশন মডেল) ও ইমতু রাতিশ ইমতিয়াজ (উপস্থাপক)।

মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে ষড়যন্ত্র করছে। আসামিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের টকশোতে নিষিদ্ধ সংগঠন ফিরিয়ে আনার প্রচারণা চালিয়ে আসছে। এর ফলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বাদী ঘটনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা ও অনলাইনে মন্তব্যের লিংক সংগ্রহের পর অভিযোগ দায়ের করেন। সময় স্বল্পতার কারণে আসামিকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এছাড়া গ্রেফতার আসামির সহযোগী অন্যান্য পলাতক আসামির তথ্য সংগ্রহ, অভিযান পরিচালনা ও তদন্তের জন্য সাত দিনের রিমান্ড অত্যন্ত প্রয়োজন।

শেয়ার করুন