আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে আদালত অবমাননার অভিযোগে ঝুঁকিতে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ফজলুর রহমান। তবে তিনি নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ট্রাইব্যুনাল তাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই সিদ্ধান্ত দেন।
ফজলুর রহমান এই মামলার শুনানিতে উপস্থিত হন বেলা ১১টার দিকে। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবী।
শুনানিতে ফজলুর রহমান নিজেই বক্তব্যে বলেন, “টকশোতে যা বলেছি, তা ছিল স্লিপ অব দ্য টাং। আল্লাহর পরে আমি আদালতের প্রতি সম্মান জানাই এবং নিঃশর্ত ক্ষমা চাই।”
এই স্বীকারোক্তির পর ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে মুক্তি প্রদান করে।





