সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বেক্সিমকো এভিয়েশনের সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান (সোহেল এফ রহমান) ও আরও চারজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বেক্সিমকো এভিয়েশনের তিন পাইলট—ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান—রোববার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন। তারা আসামিদের বিরুদ্ধে এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন—বেক্সিমকো এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন ও সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।

বাদীপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

তিনি বলেন, “সালমান এফ রহমানের কোম্পানি এভিয়েশন লিমিটেডে আমরা পাইলট হিসেবে চাকরি নিয়েছিলাম। সালমান এফ রহমান হেলিকপ্টারে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। কোম্পানিতে থাকাকালীন আমাদের বেতন ভাতা প্রদান করা হয়েছিল। ফেব্রুয়ারিতে আমাদের চাকরি শেষ করে বাকি পাওনা না দিয়ে টার্মিনেট করা হয়। পরে জানি, কোম্পানিটা ভুয়া ছিল। তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে এবং আরও অনেক কোটি টাকা লোপাট করেছে।”

আইনজীবী জানান, পাইলটরা ২০২১ সালের বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১ আগস্ট পুলিশ সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানিয়েছিল। তখন থেকে তিনি কারাগারে রয়েছেন। তবে তার ছেলে, ভাই ও ভাইয়ের ছেলে বিদেশে পালিয়ে আছেন বলে জানা গেছে।

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানের বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের কোটি কোটি টাকা লোপাট, এছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।

শেয়ার করুন