অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি বুধবার (৩ ডিসেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয়।
এদিন শুনানি করেন আইনজীবী ড. শরিফ ভূইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনজন আইনজীবীই আবেদনটি খারিজ করার জন্য যুক্তি উপস্থাপন করেন।
গত বছরের ডিসেম্বরে এক আইনজীবী অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। পরে হাইকোর্ট রিট খারিজ করে জানায়, দেশের জনগণ বৈধতা প্রদানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অনুমোদন করেছে, তাই এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না।
এরপর আবেদনকারী আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি করা হয়েছে। এ মামলায় পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





