চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে দিয়ে পরিচালনার চুক্তির বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করেছে হাইকোর্ট। এ বিষয়ে রায় ঘোষণা হবে আগামী ৪ ডিসেম্বর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন একটি রিট করেন। গত ৩০ জুলাই এনসিটি পরিচালনা বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি কোম্পানির মধ্যে স্বাক্ষরিত চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়।
প্রাথমিক শুনানিতে আদালত রুল জারি করেন। পরবর্তীতে হাইকোর্ট ১৩ নভেম্বর রুল শুনানির জন্য ১৯ নভেম্বর দিন ঠিক করেন। এ অনুযায়ী ১৯ নভেম্বর থেকে রুলের ওপর শুনানি শুরু হয়। গত ২০ নভেম্বর শুনানি নিয়ে হাইকোর্ট চুক্তির সব কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ দেয়।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, ২০০৭ সালে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনালে নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনসহ ধাপে ধাপে মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের আমদানি–রপ্তানি কনটেইনার পরিবহনের বড় অংশ এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়।





