জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। সাক্ষ্যপ্রক্রিয়ার সূচনা বক্তব্য এদিন উপস্থাপন করেন ট্রাইব্যুনালের কৌঁসুলি মো. মিজানুল ইসলাম।
হানিফের পাশাপাশি অপর তিন আসামি হলেন– কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
হানিফসহ চার আসামির বিরুদ্ধে ২ নভেম্বর বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এর আগে ৬ অক্টোবর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনাল-২ আমলে নেন। সেদিনই গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৪ অক্টোবর তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে পুলিশ তাদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনাল পরবর্তী সময়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপর ২৩ অক্টোবর পলাতক আসামিদের জন্য আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।





