মোহাম্মদ গোলাম মোস্তফা
২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানকালীন ছাত্র–জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বকশীগঞ্জে আওয়ামী লীগের সাবেক এমপি নুর মোহাম্মদসহ মোট ৫৯ জনের নামে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের তালিকায় রয়েছেন—সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় দলের শীর্ষ নেতারা।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
২৪ নভেম্বর (সোমবার) বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
এজাহারে বলা হয়, গত বছরের ১৭ জুলাই বিকাল ৩টার দিকে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বকশীগঞ্জ পৌর শহরে বিক্ষুব্ধ ছাত্র–জনতা একটি মিছিল বের করেন।
অভিযোগ রয়েছে—মিছিল দমাতে আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা পৌর শহরের বিসমিল্লাহ হোটেলে অগ্নিসংযোগ করে।
পরদিনও একই ধরনের বিক্ষোভ মিছিলে নামীয় আসামিদের নেতৃত্বে অজ্ঞাত ২০০–৩০০ জন হামলা চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত বছরের আগস্টে সরকার পতনের পর আওয়ামী লীগের চিহ্নিত নেতা–কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এই মামলায় আসামি হয়েছেন—
সাবেক এমপি নুর মোহাম্মদ,তার ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহসভাপতি শফিকুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার,সাবেক জেলা পরিষদ সদস্য শিলা সারোয়ার,বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার,সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি,মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,সাবেক এমপি আবুল কালাম আজাদের এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব,ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিদ্যুৎ,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া,সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মোট ৫৯ জন নেতা–কর্মী।
অপরদিকে, অজ্ঞাত আরও ২০০–৩০০ জনকেও এ মামলায় আসামি করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মামলাটি রুজু হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আসামিদের গ্রেপ্তার করা হবে।





