মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে জমি-বিরোধে হত্যা: দুই ভাইয়ের ফাঁসির আদেশ

যশোর ( জেলা প্রতিনিধি ):
যশোরের ঝিকরগাছায় চাচাতো ভাই হত্যার দায়ে দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–৫-এর বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন—ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের ওসমান ও আলী হোসেন। তারা মৃত ছবেদ আলী সরদারের ছেলে। একই মামলার আরেক আসামি ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আজিজুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই ভাই বাড়ি থেকে ধারালো দা এনে কামরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
কামরুলকে বাঁচাতে গিয়ে তার বড় ভাবি আনোয়ারা, ছোট ভাবি পারভীন এবং ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। হামলার পর স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কামরুল আমিন মারা যান। আহত তিনজন হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর নিহতের বাবা রুহুল আমিন সরদার ওসমান, আলী হোসেন ও খাদিজা খাতুনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই ঝিকরগাছা থানার উপপরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট জমা দেন।
রায় ঘোষণার দিনে, আদালত ওসমান ও আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির আদেশ দেন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে প্রমাণের অভাবে ওসমানের স্ত্রী খাদিজা খাতুন খালাস পান।
পিপি আজিজুল ইসলাম বলেন, “হত্যা মামলায় মাত্র দুই বছরের মাথায় রায় প্রদান সত্যিই নজিরবিহীন। সরকার পক্ষ রায়ে সন্তুষ্ট।” তবে আসামি পক্ষ জানায়, তারা এই রায়ে ন্যায়বিচার পাননি এবং উচ্চ আদালতে আপিল করবেন।
শেয়ার করুন