মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ, ৫৪ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নামে গাজীপুরে থাকা ৩৬ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একইসঙ্গে আইএফআইসি ব্যাংকে তার নামে থাকা ৫৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে। আদালতের সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আসামিরা ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং স্থাবর সম্পদের অন্যত্র হস্তান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। এজন্য স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ/ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ২০ এপ্রিল জালিয়াতির মাধ্যমে মর্টগেজ সম্পত্তি অতিমূল্যায়ন করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করা হয়।

মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে সিআইবি প্রতিবেদন সংগ্রহ না করেই প্রস্তাবিত মর্টগেজ সম্পত্তি সরেজমিনে পরিদর্শন বা মূল্য যাচাই না করেই অস্বাভাবিক অতি মূল্যায়ন করেছে। ৮৭ কোটি টাকার জমি এক হাজার ২০ কোটি টাকায় মূল্যায়ন করা হয়েছে।

অন্যদিকে, অনভিজ্ঞ ব্যক্তিদের মালিকানাধীন মাসখানেক আগে রেজিস্ট্রিকৃত কথিত কোম্পানির মাধ্যমে বন্ডে বিনিয়োগকারীদের কাছ থেকে এক হাজার কোটি টাকা উত্তোলন করে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের চলতি হিসাব জমা করা হয়। এরপর রিডেশন রাউন্ডে ২০০ কোটি টাকার এফডিআর করে বাকি ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। এর মাধ্যমে ব্যাংকিং নিয়মাবলী উপেক্ষা করে নগদে ও বিভিন্ন রকম সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

শেয়ার করুন