মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাইকোর্টে ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের জামিন

ঢাকার হাইকোর্ট সোমবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে জামিন দেন। আদালতের এই আদেশে তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।

গত ২৯ আগস্ট শাহবাগ থানার একই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল। মামলাটি দায়ের করেছিলেন শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম।

মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ নামে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। বৈঠকে উপস্থিত ৭০-৮০ জনের মধ্যে ১৬ জনকে পুলিশ আটক করে।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ‘মঞ্চ ৭১’-এর লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র প্রতিহত করা। তবে পুলিশের অভিযোগ, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছিল।

শেয়ার করুন