সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টার মামলায় আশরাফুল আলম, পরিচিত হিরো আলম, জামিন পেয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শনিবার (১৫ নভেম্বর) বিকেলে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে একই দিন দুপুরে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার প্রসঙ্গে জানা যায়, গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরবর্তীতে শনিবার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করলে বিকেলে জামিন মঞ্জুর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, পারিবারিক মনোমালিন্যের জেরে হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন। পরে হাতিরঝিল থানার এলাকায় এক বাসায় মীমাংসার জন্য তাকে ডেকে আনা হয়। সেখানে হিরো আলম ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ১০–১২ জন রিয়া মনিকে পিটিয়ে আহত করেন এবং তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।





