মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপালী ব্যাংকের সাবেক এমডি ও পরিবারের ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদের পাশাপাশি তার স্ত্রী ও সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন ওবায়েদ উল্লাহর স্ত্রী মর্জিনা বেগম (মুনমুন মাসুদ), ছেলে জুনায়েদ জুলকার নায়েন ভিয়ান ও জুলুন সাফওয়ান, এবং মেয়ে তাসমিয়া তারাল্গুন নাওমী।

একই আদালত বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন অ্যালায়েন্ট এনার্জি সল্যুশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফের ওপরও। তার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তদন্তাধীন।

দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম আদালতে জানান, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকের ঋণ অনুমোদনের পর তা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন, বিশেষ করে পুত্রের বিদেশি শিক্ষার জন্য। এছাড়া তার ব্যাংক হিসাবসমূহে তৃতীয় পক্ষের কাছ থেকে অজানা উৎসের নগদ অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের বিষয়টি অর্থপাচার ও মানিলন্ডারিং-এর সঙ্গে সম্পর্কিত। যেহেতু তার দুই সন্তান ইতিমধ্যেই বিদেশে গেছেন, তাই তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিদেশে যাওয়া আটকানো জরুরি।

অপরদিকে দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আদালতে জানান, কাজী হাসান শরীফের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার অবৈধ বিদেশি অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা অপরিহার্য।

শেয়ার করুন