মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজতে নেওয়ার সময় পুলিশের ওপর রেগে গেলেন কামরুল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বারের আইনজীবীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার সামনে হাজতে নেওয়ার সময় তিনি পুলিশের এক সদস্যকে উদ্দেশ্য করে বলেন, “এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ।”

দুপুর ১১টার দিকে কামরুল ইসলামকে অষ্টম তলায় আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি ঘটনার সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতা। এ কারণে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

আসামি পক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী ও নসিম চৌধুরী আদালতে ওকালতনামা জমা দেন এবং জানান, জামিন শুনানি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে কামরুল ইসলামকে লিফটে নামানো হয়। লিফট থেকে হাজতের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্যরা দ্রুত হাঁটতে চাইলে তিনি রেগে যান। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকেন, মাঝে কয়েকবার দাঁড়িয়ে যাওয়াও দেখা যায়। এক পুলিশ সদস্য বাঁশিতে ফুঁ দেওয়ার সময় তিনি বলেন, “এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ।” পরে পুলিশের সহযোগিতায় হাজতে ফেরেন কামরুল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে প্রিজন ভ্যানের মাধ্যমে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন