মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন আদালত।

মামলায় মোট ২৯ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা করেন আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিন উর রহমান।

তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হওয়ায় আদালত আইন অনুযায়ী আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেন। এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক-এর পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১০ মার্চ দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১২ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য শফি উল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

শেয়ার করুন