রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলায় আরও ২২ জন সাক্ষ্য দিয়েছেন। মামলাগুলোর অভিযুক্তদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট ৫৩ জন।
রোববার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
তিন মামলার সাক্ষ্যগ্রহণ
প্রথম মামলায় শেখ রেহানা ও শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আটজন। তারা হলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকিরুল ইসলাম খান, রাজউকের কম্পিউটার অপারেটর জাকির হোসেন, সাবেক উপসচিব তানজিল্লুর রহমান, ঢাকার সদর রেকর্ড রুমের সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, গাজীপুরের সাবেক সাব-রেজিস্ট্রার সোহেল রানা, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক আল মামুন মিয়া, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। আদালত এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আগামী ১৬ নভেম্বর।
দ্বিতীয় মামলায় আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে সাতজন সাক্ষ্য দেন। এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ২৩ নভেম্বর।
তৃতীয় মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে আরও সাতজন সাক্ষ্য দেন। আদালত এ মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন ২৫ নভেম্বর।
আদালতের পেশকার বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার পটভূমি
শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলা করে দুদক। উপ-পরিচালক সালাহউদ্দিনের দায়ের করা মামলায় টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া।
আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে একই দিনে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এতে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
একইভাবে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান। এই মামলায়ও শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
তিনটি মামলাতেই আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক সদস্য, পরিচালক ও উপ-পরিচালক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, এবং সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বিচারিক অগ্রগতি
গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত–৪ তিন মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন।





