বাংলার চোখ নিউজ :
খুলনার বাজারে চলতি সপ্তাহে কমেছে সবজির দাম। মাছের দামও কিছুটা কমেছে। তবে আগের মতো আছে মাংসের বাজার।
রোববার (২২ নভেম্বর) খুলনার রুপসা বাজার, নিউমার্কেট বাজার ও বয়রা বাজার ঘুরে এমনটা জানা যায়।
সবজির বাজারে ফুলকপি ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, মুলা ৪০-৫০ টাকা কেজি, পালংশাক ৩০-৪০, টমেটো ৭০-৮০, করলা ৫০-৬০, বেগুন ৯০-১০০, বরবটি ৭০-৮০, কুমড়া ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিম প্রকারভেদে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমে কাঁচামরিচ ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের থেকে সব সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা পর্যন্ত কমেছে।
মাছের বাজারে প্রতি কেজি রুই ২০০ থেকে ২২০ টাকা, সমুদ্রের চান্দা মাছ ২২০-২৪০, কাতলা ২০০ থেকে ২৫০, তেলাপিয়া ১৬০ থেকে ১৭০, পাঙাশ ১৭০ থেকে ২০০, চাষের কৈ ২০০ থেকে ২২০, দেশি কৈ ৫০০ থেকে ৬০০, চাষের শিং ৫০০ থেকে ৬০০, টেংরা ৫০০ থেকে ৫৫০, বোয়াল ৪০০ থেকে ৫০০, চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ এবং ভেটকি মাছ আকারভেদে ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেখানে মাছ বাজারে ৭০-৮০ টাকা সব মাছের দাম কেজিতে কমেছে।
অন্যদিকে ব্রয়লার মুরগী ১৮০-১৯০ টাকা কেজি, কক ২৪০-২৪৫, দেশি মুরগী ৬০০-৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি ও খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা খোকন গাজী বলেন, এ সপ্তাহে টানা দুই-তিনদিন বৃষ্টি হওয়াতে সবজি কিছুটা কম আসছে। এরপরও গত সপ্তাহের থেকে দাম অনেকটা কমেছে। টমেটোসহ শীতকালীন সব ধরনের সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা পর্যন্ত কমেছে। সামনে আরও দাম কমবে বলে আশা করা যাচ্ছে।
মাছ বিক্রেতা রোবি মোল্যা বলেন, বাজারে একদিকে মাছ কম, অন্যদিকে দামও কম। টানা দুই-তিনদিন বৃষ্টির কারণে বেশিরভাগ মাছের দাম কমেছে। তবে ক্রেতাও কমেছে। সরবরাহ ঠিক থাকলে মাছের দাম কমই থাকে। আর এই সিজনে সমুদ্রের মাছও আসছে।
ক্রেতা আব্দুল্লাহ শেখ বলেন, শীতকালের সবজির দাম কিছুটা কমেছে। সমুদ্রের অনেক মাছের দাম বেড়ে গিয়েছিলো। সেসব মাছের দাম অনেকটা কম দেখছি। আবার দেশীয় মাছের দাম কিছুটা বেশি থাকলেও অন্যান্য মাছের থেকে তুলনামূলক দাম বেশী।
ক্রেতা সোনিয়া খাতুন বলেন, সবজির দাম, গোসের দাম অনেকটা কম। তবে মাছের দাম কম থাকলেও আবার হুট করে বেড়েও যাবে। এজন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা দরকার। তবে দাম স্থিতিশীল থাকলে আমাদের জন্য সুবিধা হয়। গত দুই সপ্তাহে বাজারে সবজির দাম তুলনামূলক বেশি ছিল।





