বাংলার চোখ নিউজ :
ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় ১১টি মামলায় ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে তারা সড়ক ছেড়ে যান।
এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, সকাল থেকেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। শ্রমিকেরা গতকাল তাদের দাবি মেনে নেওয়া হয়নি বলে আন্দোলন করছেন। তবে এই আন্দোলনে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি। ওসি সাইফুল আলম বলেন, এসব ব্যক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে আরও ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করছেন। পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সকালে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ ও সড়ক অবরোধের চেষ্টা করা হলেও আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আন্দোলনে উসকানিদাতাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে ওসি বলেন, সাভার মডেল থানায় এ ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল হোতাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়ার আশঙ্কা থাকলেও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলে জানান ওসি সাইফুল আলম।
তিনি বলেন, পুলিশ কোনো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে না। পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের নিজেদের ভাই মনে করে দায়িত্ব পালন করছেন তারা।
ওসি আরও বলেন, শ্রমিকদের মজুরির দাবিকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলেও এর পেছনে অন্য কোনো উসকানিদাতা, ইন্ধনদাতা ও নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা রয়েছে বলে পুলিশের ধারণা। উসকানিদাতাদের বিরুদ্ধে আইনের মধ্যে থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে। সাভারে বিজিবির দুটি প্লাটুন মোতায়েন রয়েছে। দুষ্কৃতকারীদের আটক, বিতাড়িত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই পুলিশের মূল লক্ষ্য।
এর আগে, টানা দুইদিন পরিস্থিতি শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।





