সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ সীমান্তের ৪০ স্থানে বসানো হচ্ছে নজরদারি ক্যামেরা

বাংলার চোখ নিউজ :

সুনামগঞ্জের প্রায় ৯০ কিলোমিটার সীমান্তের ৪০টির বেশি ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি ক্যামেরা বসাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই মধ্যে গত দুই দিনে সাতটি স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এসব ক্যামেরা বসানো হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের যেসব পথ দিয়ে অতীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধ যাতায়াতের ঘটনা ঘটেছে, সেসব স্থানকে ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এ ছাড়া সীমান্তের এপার থেকে ওপারে ভারতীয় ভূখণ্ডে গাড়ি ও মোটরসাইকেলে যাতায়াতের ইতিহাস রয়েছে—এমন স্থানগুলোও চিহ্নিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করতে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার পরামর্শ নেওয়া হয়েছে। বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। এর মধ্যে তাহিরপুর উপজেলার লালঘাট, লাকমা, চারাগাঁও ও বারেকের টিলাসহ বেশ কয়েকটি এলসি পয়েন্ট রয়েছে।

সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ক্যামেরাগুলো বিজিবির মনিটরিং কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়কের মোবাইল ফোনের সঙ্গেও ক্যামেরাগুলোর সংযোগ থাকবে। কেউ ক্যামেরা ভাঙা বা নষ্ট করার চেষ্টা করলে তা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রযুক্তিগত ব্যবস্থাও রাখা হচ্ছে। যেসব স্থানে বিদ্যুৎ-সংযোগ নেই, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে ক্যামেরা সচল রাখা হবে।

সীমান্তে ক্যামেরা স্থাপনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাহিরপুর সীমান্ত এলাকার বাসিন্দা মনিরুল আলম জাগো নিউজকে বলেন, বিজিবি ভালো উদ্যোগ নিয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় ক্যামেরা বসানো হলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে চোরাকারবারিদের দৌরাত্ম্যও কমবে।

একই এলাকার বাসিন্দা আনোয়ার মিয়া বলেন, অনেক দিন পর বিজিবি সীমান্ত এলাকায় ভালো একটি উদ্যোগ নিয়েছে। ক্যামেরা স্থাপনের ফলে এসব এলাকায় অপরাধ কমে আসবে বলে আশা করেন তিনি। বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকার বাসিন্দা হেলাল মিয়া বলেন, সীমান্তে ক্যামেরা বসানো ভালো উদ্যোগ। তবে ক্যামেরার আওতার বাইরের এলাকাতেও নজরদারি বাড়াতে হবে। একই এলাকার বাসিন্দা মফিজ মিয়া বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকার সড়কগুলো দুর্গম ও ভাঙাচোরা। গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ক্যামেরা বসানো হলে সীমান্ত পারাপার ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।

২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্তের ৪০টিরও বেশি স্থান চিহ্নিত করে নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে। এরই মধ্যে গত দুই দিনে সাতটি স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ জন্য সরকার থেকে অর্থায়নও পাওয়া যাবে। চিহ্নিত স্থানগুলোর বাইরে অন্য পথ দিয়েও যাতে কোনো অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দিয়ে নজরদারি করা হবে।

শেয়ার করুন