মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর এলাকায় মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে ৯০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত রোজ আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান পরিচালনায় এসআই খোরশেদ আলম, এসআই নাজমুল হাসানসহ থানার অন্যান্য সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, “৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”





