মোঃ সাকিব খান
শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের মো. ওয়াদুদ মোল্লার ছোট ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রাসেল মোল্লা বাড়ির পাশের একটি পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর) দিয়ে পানি সেচ দিচ্ছিলেন। কাজ করার এক পর্যায়ে মোটরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি তা পরীক্ষা করতে যান। এসময় অসাবধানতাবশত মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
রাসেল অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দ্বারিয়াপুর হাসপাতাল) নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনরা তাকে দ্রুত ফরিদপুর নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাসেলকে মৃত ঘোষণা করেন।
তরুণ এই যুবকের অকাল ও করুণ মৃত্যুতে নিহতের পরিবার ও স্বজনদের মাঝে আর্তনাদ চলছে। রাসেলের মৃত্যুতে পুরো বড়ইচারা গ্রামসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।




