মাত্র ১০ টাকা না দেওয়ার কারণে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভাতিজার ছুরিকাঘাতে খুন হলো আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আয়েশা খাতুন এই গ্রামের তারা মিয়ার স্ত্রী এবং গ্রেফতারকৃত তৌহিদ ওই নারীর ভাসুর লাল মাহমুদের ছেলে।
পুলিশ জানায়, নিহত আয়েশা ও তৌহিদ চাচি-ভাতিজা। তৌহিদ নিহত আয়েশার ছেলে আশিকের কাছে ১০ ধার নিয়েছিল। বিকালে আশিকের কাছে ওই ধারের ১০ টাকা ফেরত চায়। আশিক টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে দুইজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়ায়। এ সময় আশিকের মা ফেরাতে এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




