ইয়াছিন চৌধুরী, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর পশ্চিমপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় রাস্তার পাশে চারটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে একজন স্থানীয় ব্যক্তি একটি বস্তার মুখ খুলে ভেতরে গাঁজা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে সাংবাদিক ও থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো তল্লাশি করে মোট ২০টি প্যাকেট উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে প্রায় ২ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদককারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।




